শ্রীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, অবরোধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় মুন্নী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ওই স্কুলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশনের নিয়ন্ত্রণকক্ষ ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথ প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। নিহত মুন্নীর বাড়ি উপজেলার ধামলই গ্রামে। সে কাওরাইদ কেএন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। কাওরাইদ বাজারের কাপড় ব্যবসায়ী কাজল তার বাবা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে কাওরাইদ বাজার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় মুন্নীর মৃত্যু হয়। এ খবরে ওই স্কুলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাওরাইদ স্টেশনের নিয়ন্ত্রণকক্ষ ভাঙচুর করে। পরে রেললাইনের ওপর পরিত্যক্ত রেলের লাইন রেখে অবরোধ সৃষ্টি করে। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস পার্শ্ববর্তী মশাখালী স্টেশনে আটকা পড়ে।বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা স্টেশনচত্বর ত্যাগ করে। বেলা দুইটা থেকে রেল চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ওই লেভেল ক্রসিংয়ে কোনো গার্ড নেই, সিগন্যালের ব্যবস্থা নেই। তাই এমন দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের কাছে বহু আবেদন করেও এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি। ওই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে কাওরাইদ রেলস্টেশনের মাস্টার মো. নূরুন্নবী জানান, ওই লেভেল ক্রসিংয়ে প্রহরী ও সংকেতের ব্যবস্থা করার ব্যাপারে কর্তৃপক্ষের অনুমতি নেই।শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঞা জানান, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে নিজ গ্রামে মুন্নীর মরদেহ দাফন করা হয়।