শ্রীপুরে ডাকাতের ককটেল বিস্ফোরণ, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটী গ্রামের একটি বাড়িতে ডাকাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কামাল হাসেন আকন্দ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।আহত ব্যক্তিরা হলেন সোহেল রানা আকন্দ (২৭), সাজেদা খাতুন (৫৫) ও আবু বকর সিদ্দিক আকন্দ (৫৭)।ঘটনাটি শ্রীপুর থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হলেও থানায় জানানোর এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে ডাকাতির শিকার পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেছেন। ডাকাতির শিকার পরিবারের সদস্য কবির হোসেন আকন্দ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত কামাল হোসেনের বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এর পর ডাকাতেরা কামাল হোসেনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুপুত্র আবরার চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসেন। ওই সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। পরে প্রতিবেশী ও বাড়ির লোকদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতেরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের শব্দে কামাল হোসেন আকন্দ (৪০) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডাকাতেরা মালামাল নিতে না পারলেও ঘরের আসবাব তছনছ করে একটি মুঠোফোন নিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, বাড়ির মালিক কামাল হোসেন হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় মৃত ব্যক্তির চাচা আবদুস সোবাহান মাস্টার একটি মামলা করেছেন।ডাকাতের হামলার খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে ওসি দাবি করেন।