শ্রীপুরে দফায় দফায় সংঘর্ষে শিক্ষকসহ আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য রফিকুল ইসলাম ঢালী, সাতখামাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দুলাল, রাসেল, রানা, তপু, সোহাগ, কাজল, এফ রহমান ও ফাহাদ।প্রত্যক্ষদর্শীরা জানান, সাতখামাইর বাজারে গতকাল সাতখামাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের অতিথি করা নিয়ে কয়েক দিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ও বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ওরফে দুলালের সমর্থকদের মধ্যে বিক্ষোভ চলে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠানের সভাপতি রজব আলী ঢালী বক্তৃতা করার সময় অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের ফজলুর রহমানের পক্ষ তাদের অতিথি না করায় ক্রীড়ানুষ্ঠান চলতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। এ সময় লিয়াকত আলীর পক্ষের লোকজন ক্রীড়ানুষ্ঠান চালানোর পক্ষে স্লোগান দেয়। দু্ই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে আতঙ্কে সাতখামাইর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হয়। হামলাকারীরা দা, লাঠি ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতখামাইর বাজারের পাশে দুর্লভপুর এলাকায় কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য রফিকুল ইসলামকে আহত করে হামলাকারীরা। শিক্ষক দুলাল রাত আটটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে এলে ফজলুর রহমান পক্ষের লোকজন তাঁর ওপর হাসপাতালেই হামলা চালিয়ে রক্তাক্ত করে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, হামলার প্রথম দফার পরই পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষকারীরা বাজার ত্যাগ করে। তবে আতঙ্কে বন্ধ হয়ে যাওয়া দোকানপাট রাত আটটার দিকে খুলতে শুরু করে।