শ্রীপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার শলইনগর গ্রামে গত রোববার বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হয়েছে চারজন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুপক্ষের ১৫ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে লিপ্ত দুপক্ষই আওয়ামী লীগের সমর্থক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ও মাগুরা সদর থানায় চিকিত্সাধীন আহতেরা জানান, শ্রীপুরের খদ্দ রুহা ও শলইনগর মাঠ এলাকায় পবা ক্যানেলের দুই পাশে সামাজিক বনায়ন সমিতি গাছ লাগায়। সমিতির সভাপতি এনামুল হক মোল্লা গত রোববার বিকেলে সমিতির সদস্যদের না জানিয়ে কয়েকটি গাছ কাটেন। রেজাউল করিম (৩৫) নামে সমিতির এক সদস্য এনামুল হকের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। একপর্যায়ে খদ্দ রুহা গ্রামে এনামুল হকের বাড়ির কাছে এনামুল ও তাঁর লোকজন রেজাউল বিশ্বাসকে বেদম মারধর করে।এ ঘটনার পর এনামুল ও রেজাউলের পক্ষ নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে খদ্দ রুহা এবং শলইনগর গ্রামের আওয়ামী লীগের দুই দল সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে শটগানের গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে খদ্দ রুহা গ্রামের মো. মনছুর খাঁ (৬০), আতিয়ার রহমান (৩৯), বাবলু হোসেন (৩৭) ও জাহাঙ্গীর মোল্লা (৩২) আহত হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সংঘর্ষের সময় পুলিশ উভয় পক্ষের আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় লোকজন দাবি করেছে, পুলিশের গুলিতেই কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয়ে তারা গোপনে চিকিৎসা নিচ্ছে। তবে মাগুরা পুলিশ সুপার গতকাল সোমবার দুপুরে বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের তিন রাউন্ড গুলি ছুড়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুই পক্ষ দুটি মামলা করেছে।