এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। মাদারীপুরের শিবচরে ক্রিকেট খেলা নিয়ে একটি বিদ্যালয়ে গত শনিবার হামলা চালানো হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীপুরের আমতৈল গ্রামের মঞ্জুর মোর্শেদের সঙ্গে মো. রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের শেল ও চারটি ফাঁকা গুলি ছোড়ে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও বেলা একটার দিকে দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের সংঘর্ষ ও পুলিশের গুলিতে অন্তত ২০ জন আহত হন। এঁদের মধ্যে আল আমিন (২৩), মিঠু (২৭), মাহফুজ মোল্লা (৩০) ও স্বপন বিশ্বাস (২১) গুলিবিদ্ধ হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নিকুঞ্জ কুমার বলেন, প্রথম দফায় দুপক্ষ মুখোমুখি হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চারটি ফাঁকা গুলি ও একটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ওই সময় কেউ গুলিবিদ্ধ বা আহত হননি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে শিবচর উপজেলার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের হায়দার মেম্বারের বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলা আয়োজন করা হয়। এতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের একটি এবং বাঁশকান্দি ইউনিয়নের অপর একটি দল অংশ নেয়। একপর্যায়ে আম্পায়ার মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়ন দলের এক সদস্য আউট হয়েছেন বলে সিদ্ধান্ত দেন। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ বাঁশকান্দি গ্রামের লোকজন মাসুমকে মারধর করেন।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে মাসুম মোল্লার লোকজন সেখপুর বাজারে অবস্থিত দক্ষিণ বাঁশকান্দি গ্রামের চুন্নু খাঁর দোকান বন্ধ করে দেন। একপর্যায়ে এ বিরোধ বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দক্ষিণ বাঁশকান্দি গ্রামের খোকন বয়াতির সমর্থক ও হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা আবুল বাশারের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
সকাল ১০টার দিকে দক্ষিণ বাঁশকান্দি গ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ে হামলা চালান। হামলায় অষ্টম শ্রেণীর ছাত্র ইয়াসিন (১৪) ও সপ্তম শ্রেণীর ছাত্রী সরুফার (১৩) আহত হয়। হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাঁশকান্দি ইউপি চেয়ারম্যানের লোকজন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এ এম মাসুদুর রহমান খান বলেন, বর্তমানে বিদ্যালয় এবং ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।