শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে শনিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৮-১০ জন আহত হয়েছেন। এ সময় ওই বাজারের ছোট-বড় ১২টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। বৈশাখী মেলার অনুষ্ঠানে চেয়ারে বসার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, টিকারবিলার পাশে আড়ুয়াকান্দি বঙ্গবন্ধু কলেজে গত শুক্রবার বিকেলে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে স্থানীয় রাজাপুর গ্রামের তরুণদের সঙ্গে কুদলা গ্রামের তরুণদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে পরদিন বিকেল সাড়ে চারটার দিকে টিকারবিলা বাজারে ওই দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের মুজিবর রহমান, বিলায়েত আলী, আসলাম হোসেন, টোকন বিশ্বাস, সমেশ বিশ্বাসেরসহ ১২টি ছোট-বড় দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে শ্রীপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ও কনস্টেবল আকতার হোসেন আহত হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ও বাজারে লুটপাট চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ১৭ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তবে অন্য কেউ ওই ঘটনায় মামলা করেনি।