শ্রীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম বেতন স্কেল আট হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। দুটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রীপুরের নয়নপুর এলাকার তিব্বত গ্রুপের রিদিশা সোয়েটার লিমিটেড নামের কারখানার কয়েকজন শ্রমিক জানান, দুপুরে খাবারের বিরতির পর শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে ন্যূনতম বেতন স্কেল আট হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে কর্তৃপক্ষের লোকজন তাঁদের বাধা দেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে কারখানার ফিনিশিং বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন জানান, আড়াইটার দিকে শ্রমিকেরা একযোগে কারখানার প্রশাসন ও নিটিং শাখায় ঢুকে কমপক্ষে ২০টি নিটিং মেশিন ও আসবাব এবং গ্লাস ভাঙচুর করেন। তাঁরা পরে কারখানার সামনে রাখা কর্মকর্তাদের ব্যবহূত ১২টি মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন।

শ্রমিকদের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে আফসার বলেন, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ করে তাঁদের ধাওয়া দিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, সকাল নয়টার দিকে স্থানীয় এমসি বাজারের হাসিন সোয়েটার কারখানার শ্রমিকেরা একজন শ্রমিক আটকের খবরে কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটি ও ন্যূনতম বেতন স্কেল আট হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন।

হাসিন সোয়েটার কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে শ্রীপুর থানার পুলিশ অন্য একটি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর কারখানার একজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁকে কারখানায় ফেরত পাঠায়। ওই শ্রমিকের আটকের খবরে অন্যরা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।