শ্রীপুরে গাড়ি উল্টে নিহত ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ বুধবার সকালে মুরগিবাহী পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার একই উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। অপর দিকে গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ছয়টায় শ্রীপুর উপজেলার মুলাইদ জপ্তারপুকুর পাড় গ্যাস অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুরগিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত হন। তাঁরা হলেন: ময়মনসিংহের ফুলবাড়িয়ার বালুজাম বোর্ডঘর গ্রামের জামাল মিয়া (২৫), যশোর কোতোয়ালি থানার জগন্নাথপুর এলাকার আবদুল হালিম মীর (৫০) ও গাজীপুরের খাইলকুর এলাকার আতিকুর রহমান (২৫)। নিহত জামাল মিয়ার স্বজনেরা জানান, জামাল মুরগিবাহী বিভিন্ন পিকআপ ভ্যানে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। নিহত অপর দুজন মুরগি ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা হলেন: গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামের সুমন মিয়া (২২) ও একই এলাকার মানিক (২০)। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মহাসড়কের ১০ কিলোমিটারের মধ্যে গতকাল মঙ্গলবার বেলা দুইটায় শ্রীপুর উপজেলার নতুনবাজার তুলা উন্নয়ন বোর্ডের সামনে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪৬) নামের এক ব্যক্তি নিহত হন। একই দিন সকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়ায় কিশোর নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় উপজেলার ভজনপুর সাত মেড়া স্থানে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমজাদ উপজেলার দেবনগর ইউনিয়নের আঠারোখাড়ী গ্রামের আনিছুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী আল মামুন জানান, সন্ধ্যার সময় কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল আমজাদ। পঞ্চাশ গজ অতিক্রম করা মাত্রই তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক অন্য আরেকটি ট্রাককে অতিক্রম করার সময় আমজাদ হোসেনকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের লোকজন ট্রাকটি আটক ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ, তেঁতুলিয়া থানা-পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।