শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর-ডোমবাড়ীচালা সড়কের আফাজ উদ্দিনের মোড়ে গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেন (২৮) নামের এক ক্যাবল সংযোগ ব্যবসায়ী নিহত হয়েছেন।দুর্বৃত্তদের হামলায় কামালের সহযোগী মনির হোসেন (৩০) ও আকতার হোসেন (৩২) আহত হয়েছেন।ডোমবাড়ীচালা গ্রামের কামালের স্ত্রী তাছলিমা আক্তার বলেন, বুধবার রাতে তাঁর স্বামী শোবার প্রস্তুতি নেওয়ার সময় মুঠোফোনে একটি কল আসে। এরপর তিনি মোটরসাইকেলযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। এ সময় তিনি একই গ্রামের মনির ও আকতারকে সঙ্গে নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে রাত তিনটার দিকে আফাজ উদ্দিনের মোড়ে কমপক্ষে ১০ জন সশস্ত্র ডাকাত তাঁদের গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতেরা তিনজনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামাল মারা যান। অন্য দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সাংবাদিকদের বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।আওয়ামী লীগের নেতার বাড়িতে ডাকাতি: বুধবার দিবাগত রাতে উপজেলার আবদার গ্রামে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বাতেনের বাড়িতে ডাকাতি হয়েছে।ডাকাতির শিকার পরিবারের লোকজন বলেন, রাত দেড়টার দিকে কমপক্ষে ২৫ জনের একদল ডাকাত আবদুল বাতেন সরকারের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নিয়ে যায়। শ্রীপুর থানার ওসি সাংবাদিকদের বলেন, ভৌগোলিক দিক থেকে ঘটনাটি ভালুকা উপজেলায় ঘটেছে। উভয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।