শ্রীপুরে ধুলাবালি, সড়কে পানি ছিটানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজের কারণে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক ধুলাবালির সৃষ্টি হচ্ছে। পাঁচ দিন ধরে ঠিকাদারেরা সড়কে পানি না দেওয়ায় ধুলাবালি বেড়েছে।
এ অবস্থায় সড়কে নিয়মিত পানি ব্যবহারের দাবিতে গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছুদিন ধরে চার লেনের কাজ চলছে। এত দিন মহাসড়কে পানি ছিটিয়ে রাস্তার কাজ করতেন ঠিকাদারেরা। কিন্তু গতকাল পর্যন্ত পাঁচ দিন সড়কটিতে ঠিকাদারেরা পানি ছিটাননি। ফলে মহাসড়কের আশপাশের বাসাবাড়ি, দোকানপাট ধুলাবালিতে একাকার হয়ে গেছে। ধুলায় সড়কের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত দেখা যায় না। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থায় সড়কে নিয়মিত পানি ব্যবহারের দাবিতে উপজেলার জৈনাবাজারের ব্যবসায়ীরা গতকাল দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত মহাসড়কে আসবাব ফেলে অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
এ ব্যাপারে কথা বলতে জৈনাবাজার এলাকায় চার লেনে উন্নীতকরণ কাজে নিয়োজিত প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের ঠিকাদার মো. বাপ্পীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোনে রিং হলেও তিনি ধরেননি। একপর্যায়ে তিনি সংযোগ কেটে দেন।
মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, ব্যবসায়ীরা ৩৫ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে জরুরিভিত্তিতে ঠিকাদারেরা পানি ছিটানোর প্রতিশ্রুতি দিলে পুলিশের অনুরোধে ব্যবসায়ীরা অবরোধতুলে নেন।