শ্রীপুরে নদী থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
মাগুরার শ্রীপুর উপজেলায় নবগঙ্গা নদী থেকে গতকাল শনিবার সন্ধ্যায় চম্পা বিশ্বাস (২৬) এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। চম্পা স্বামীর হাতে খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার হাজরাতলা মঠ ও মিশনের পাশে নদীতে বস্তাবন্দী লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, মুঠোফোনের চার্জারের তার দিয়ে গলা পেঁচিয়ে চম্পাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। পরে লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, চম্পা বিশ্বাস হাজরাতলা গ্রামের কমলেশ বিশ্বাসের মেয়ে। তাঁর বাবা-মা ও ভাই ভারতে চলে গেছেন। একমাত্র বোনের বিয়ে হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। চম্পা একাই নিজেদের বাড়িতে থাকতেন। গোপনে তিনি একটি বিয়ে করেছিলেন। তাঁর স্বামীর নাম বিজন বলে জানিয়েছেন এলাকাবাসী। এর বেশি কিছু জানাতে পারেননি তাঁরা। বিজন মাঝেমধ্যে চম্পাদের বাড়িতে আসতেন। দু-এক দিন থেকে চলে যেতেন। গত শুক্রবারও এসেছিলেন। ধারণা করা হচ্ছে, বিজনই চম্পাকে হত্যা করেছেন।
ওসি রেজাউল ইসলাম বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে চম্পা বিশ্বাসের বোনকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে মামলা করাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন খুনিকে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে।