শ্রীপুরে নম্বরপত্র না পেয়ে শিক্ষার্থীদের মাদ্রাসার কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের সিনিয়র মাদ্রাসার নয় ফাজিল পরীক্ষার্থীকে আলিম পরীক্ষার নম্বরপত্র না দেওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ করেছে। তারা অধ্যক্ষসহ ছয় শিক্ষককে মারধর করে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে। এ সময় মাদ্রাসায় ভাঙচুরও করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, গত ২৭ মে শ্রীপুরের ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষ পরীক্ষার ফি দিতে দেরি করেন নয় পরীক্ষার্থী। গতকাল এসব পরীক্ষার্থী অধ্যক্ষের কাছে ফাজিল শ্রেণীতে ভর্তির সময় তাঁদের জমা দেওয়া আলিম পাসের নম্বরপত্র চাইলে অধ্যক্ষ তা না দিয়ে কালক্ষেপণ করেন। একপর্যায়ে এসব শিক্ষার্থী মাদ্রাসার মাঠে হইচই শুরু করেন। এ সময় অন্য শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে অধ্যক্ষ আবদুর রাজ্জাক জিহাদীর বিরুদ্ধে মিছিল বের করে। একপর্যায়ে তারা তাঁকে ঘেরাও করে মারধর করে। অধ্যক্ষকে রক্ষায় এগিয়ে আসা সহকারী অধ্যক্ষ নাজমুল হুদাসহ আট শিক্ষককেও মারধর করে মাদ্রাসার কার্যালয়ে তিন ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষের গাড়িসহ মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, নম্বরপত্রের ঘটনা কোনো বিষয় নয়। কিছু উচ্ছৃঙ্খল ছাত্র বহিরাগত ব্যক্তিদের যোগসাজশে মাদ্রাসার পরিবেশ নষ্ট করতে শিক্ষকদের মারধর ও ভাঙচুর চালায়।