শ্রীপুরে নারী শ্রমিককে মারধরের অভিযোগ বিক্ষোভ কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা এলাকায় নারী শ্রমিককে মারধরের অভিযোগে গতকাল রোববার একটি পোশাক কারখানার কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
ওই কারখানার নাম হরাইজন নিট কম্পোজিট লিমিটেড। কারখানার শ্রমিকেরা বলেন, গত শনিবার ছুটির সময় কারখানা কর্তৃপক্ষ রবিন হোসেন ও রফিকুল ইসলাম নামের দুজন সুইং অপারেটরকে কারখানা থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয়। এ সময় সহকর্মী হাছিনা আক্তার অব্যাহতির কারণ জানতে চাইলে কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল কালাম তাঁর ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারেন আবুল কালাম। ঘটনার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে নয়টায় শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। ঘটনা তদন্তের জন্য সাত দিন সময় নির্ধারণ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বায়েজীদ বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। বিকেলে কারখানার মালিকপক্ষ এসে সুবিচারের আশ্বাস দিয়ে সোমবার থেকে শ্রমিকদের কাজে যোগদান করতে বলেছে।