শ্রীপুরে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকা থেকে গতকাল রোববার রতন মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে রতন মিয়া শ্রীপুর থেকে রিজার্ভ যাত্রী নিয়ে ইন্দ্রবপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে যান। তখন থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনও ছিল বন্ধ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, বঙ্গবন্ধু সাফারি পার্কে পাতা কুড়ানোর সময় স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির ভাই আবদুর রশীদ ও মানিক মিয়া তাঁদের ভাইয়ের লাশ শনাক্ত করেন। অটোরিকশার মালিক শ্রীপুরের ভাংনাহাটী গ্রামের সফিকুল ইসলাম জানান, শেরপুর জেলার একটি সিএনজি স্টেশনে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে রেখে যায়। পরে সেখানকার লোকজন অটোরিকশার পেছনে লেখা মুঠোফোন নম্বর দেখে ফোন দিলে তিনি গিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন।