শ্রীপুরে নিখোঁজের ছয় দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছয় দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মাসুমা আক্তারের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বেড়াইদেরচালা গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।

মাসুমা বেড়াইদেরচালা গ্রামের মো. মতলব হোসেনের মেয়ে। সে স্থানীয় আবেদ আলী গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়ত।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রতিবেশী কলেজছাত্র মো. নাঈমের সঙ্গে মাসুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মাসুমার পরিবারের সদস্যরা প্রতিদিন তাকে পাহারা দিয়ে স্কুলে আনা-নেওয়া করতেন। ২২ জানুয়ারি মাসুমা স্কুলের পোশাক পরা অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং পরে নাঈম ও তার বন্ধু সেলিম হোসেনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। গতকাল সকালে বেড়াইদেরচালা গ্রামে মাসুমার চাচা আবুল হোসেনের বাড়ির পাশের একটি পুকুরে মাসুমার লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা।