শ্রীপুরে নিম্নমানের বই বিতরণের অভিযোগ
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার কথা থাকলেও গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা কার্যালয় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার ছেঁড়া ও নষ্ট বই সরবরাহ করা হয়েছে। এতে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও তাঁরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের জন্য এ বই নিয়ে যাচ্ছেন।
গতকাল সকালে শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের গুদামের সামনে গিয়ে দেখা গেছে, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নতুন শিক্ষাবর্ষের নতুন বই নেওয়ার জন্য ভিড় করেছেন। কিন্তু অনেকেই নতুন বইয়ের বদলে ছেঁড়া ও ভেজা বই পেয়েছেন। এতে তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এসব বই তাঁরা নিতে না চাইলেও শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ওই সব বই তাঁদের নিতে বাধ্য করছেন। এ সময় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা তাঁদের আর বই দেবেন না বলে হুমকি-ধমকি দেন।
শ্রীপুর উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা কার্যালয় থেকে কিছু ভালো বই সরবরাহ করা হলেও অর্ধেকের বেশি বই ছেঁড়া ও নষ্ট। এসব বই শিক্ষার্থীরা হাতে পেলে খুশি হবে না। কিছুদিন পর পুরো বই খুলে যাবে।
বারতোপা শিশু কাননের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষা কার্যালয় থেকে যে বই তিনি পেয়েছেন, তার ৫০ শতাংশ ছেঁড়া, ভেজা ও নষ্ট। অনেক বই আলগাও হয়ে গেছে।
শ্রীপুর মা-মণি একাডেমি অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে আসা ৯০ শতাংশ বই ছেঁড়া ও ভেজা। শিক্ষার্থীরা নতুন বই আসবে বলে অনেক আশা করে বসে আছে। এই খারাপ বই পেলে তারা মন খারাপ করবে।
জানতে চাইলে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভালো কোনো গুদাম নেই। বাতাসে আর্দ্রতাজনিত কারণে গুদামে কিছু বই নষ্ট হতে পারে।’