শ্রীপুরে নয় ডাকাত আটক, আড়াইহাজারে এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। একই দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়ি থেকে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা।শ্রীপুরে আটক হওয়াদের পাঁচজনের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। বাকি চারজনের বাড়ি অন্য জেলায়। তাঁরা হলেন: উপজেলার মুলাইদ গ্রামের রাজীব হোসেন, কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, সোহেল মিয়া, জেএসসি পরীক্ষার্থী বিল্লাল হোসেন, ময়মনসিংহের নান্দাইলের দশধার গ্রামের বাদশা মিয়া, তারাকান্দার টানা বিশকা গ্রামের সেলিম মিয়া, নেত্রকোনা সদরের কাতলী গ্রামের শাকিল হোসেন ও সিলেটের ছাতকের রুবেল মিয়া।বিল্লালের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে একাধিক ডাকাতি হয়েছে। এসব ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর রুবেলকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ওই আটজনকে আটক করা হয়।এদিকে গত মঙ্গলবার রাতে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ব্যবসায়ী আবদুল লতিফের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে টাকা ও স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। লতিফ জানান, ওই দিন রাতে তাঁর মা প্রকৃতির ডাকে বাইরে গেলে ডাকাতেরা তাঁকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ঘরে ঢুকে বাড়ির অন্যদের জিম্মি করে ফেলে। এ সময় তারা ঘর থেকে চার ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকা ও অন্য মালামাল নিয়ে যায়। তিনি বলেন, ‘ডাকাতদের বাধা দিলে তারা আমার ছেলে উজ্জ্বল মিয়াকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।’আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।