শ্রীপুরে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় ঘেরাও করেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা। একই সঙ্গে তাঁরা শ্রীপুরে সামিট প্ল্যান্টের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে উপজেলার চাহিদা পূরণেরও দাবি জানান। পরে সমিতির উপমহাব্যবস্থাপকের আশ্বাসের ভিত্তিতে গ্রাহকেরা কর্মসূচি তুলে নেন। ঘেরাও কর্মসূচির নেতৃত্বে থাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, একই দাবিতে ২২ মার্চ গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ওই সময় তিন দিনের মধ্যে পরিস্থিতি উন্নত করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তা না হওয়ায় গতকাল আবার কার্যালয় ঘেরাও করা হয়। এ সময় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশার, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান ও মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্রাহকদের সঙ্গে আলোচনায় বসেন। পরে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।ওসি আক্তারুজ্জামান জানান, আগে থেকেই পুলিশের কাছে এ ঘেরাও কর্মসূচির খবর ছিল। তাই সেখানে শ্রীপুর ও মাওনা হাইওয়ে থানার অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়েছিল। উপমহাব্যবস্থাপক আবুল বাশার আজাদ জানান, গ্রাহকদের কাছ থেকে সাত দিন সময় নেওয়া হয়েছে। এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।