শ্রীপুরে পাঁচ বাড়িতে ডাকাতি আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরীষগুঁড়ি, বেড়াবাড়ী ও কর্ণপুর গ্রামের পাঁচ বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের দায়ের কোপে ১০ জন আহত হয়েছেন। ডাকাতেরা এক লাখ ৩১ হাজার টাকা, ১৩টি মুঠোফোন সেট, ১৫ ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রুপাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।একই দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ নয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।শিরীষগুঁড়ি গ্রামের আবু সাঈদ মুন্সী জানান, সোমবার রাতে ২০ জনের ডাকাত দল তাঁর বাড়ির সীমানাপ্রাচীরের ওপর দিয়ে বাড়িতে ঢোকে। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের বেঁধে ৫৫ হাজার টাকা, সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার কয়েন, পাঁচ ভরি রুপার অলংকার, চারটি মুঠোফোন সেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে। এ সময় ডাকতেরা তাঁর ছেলে মো. ইসাহাককে কুপিয়ে আহত করে। পরে ঠান্ডু মিয়ার দোকানে ঢুকে তিনটি মুঠোফোন সেট ও ১০ হাজার টাকা লুট করে। ডাকাতেরা একই গ্রামের আলী হোসেনের বাড়িতে ঢুকে দুটি মুঠোফোন সেট ও পাঁচ হাজার টাকা লুট করে। তারা পাশের আফাজ উদ্দিনের বাড়িতে হামলার চেষ্টা করলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদের দায়ের কোপে জাহের আলী, নাসির উদ্দিন, জাহানারা আক্তার, কামরুল ইসলাম, মো. শাহীন, আঞ্জু, মামুন, জুয়েল আহত হন। একই রাতে কর্ণপুর গ্রামের শিক্ষক মোতালিব আকন্দের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা দুটি মুঠোফোন সেট, ১১ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল লুটে নেয়। একই রাতে ডাকাতেরা বেড়াবাড়ী গ্রামের কৃষক জালাল উদ্দিনের বাড়িতে ঢুকে দুটি মুঠোফোন সেট, চার ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল লুট করে। এ সময় ডাকাতেরা তাঁকে কুপিয়ে আহত করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। একই রাতে আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে তাঁকে পিটিয়ে আহত করে। তারা ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।