শ্রীপুরে পাঁচটি কারখানায় কর্মবিরতি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নোমান শিল্প গ্রুপের পাঁচটি কারখানায় গতকাল সোমবার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বেতন, হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা বেলা ১১টার দিকে প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে ওই গ্রুপের ইসমাইল টেক্সটাইল লিমিটেড, জারবা টেক্সটাইল লিমিটেড, সুফিয়া কটন অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড ও সাদ-সান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরাও কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকেরা তালহা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও মূল ফটকে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
নোমান শিল্প গ্রুপের শ্রীপুর অঞ্চলের মহাব্যবস্থাপক নাসিম উদ্দিন সরকার জানান, শ্রমিকেরা মূলত সরকার-ঘোষিত ন্যূনতম মজুরি দাবি করছেন। সরকার তৈরি পোশাকশিল্প খাতে বেতন বাড়ালেও বস্ত্র খাতে কোনো ঘোষণা দেয়নি। তাই তাঁদের দাবি অযৌক্তিক।