শ্রীপুরে পিকআপ উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে একটি পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছে। আহত দুজন। আজ বুধবার ভোরে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে আবদুল হালিম (৪০) ও জামাল উদ্দিনের (৩৫) নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, আজ ভোরে ভালুকা থেকে মুরগিবোঝাই একটি পিকআপ গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুরের মূলাইদ (এমসি বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মহাসড়কের পাশে একটি মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপটি উল্টে যায়। পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সেখানে থাকা তিনজন নিহত ও অপর দুই যাত্রী আহত হন।

ওসি দেলোয়ার হোসেন বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।