শ্রীপুরে পিস্তল, গুলি অবৈধ সিলসহ একজন গ্রেপ্তার
শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় গত বৃহস্পতিবার গভীর রাতে ১০টি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দেশীয় অস্ত্র ও অবৈধ সিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কাজল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানাধীন পাইথল এলাকার বাসিন্দা। এলাকায় তিনি কাজল ডিলার নামে পরিচিত। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার কাজল মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তায় ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে পুলিশ কাজলের শরীর তল্লাশি করে ১০টি গুলি পায়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর সদরের ২ নম্বর সিঅ্যান্ডবি (চন্নাপাড়া) এলাকায় নিজ বাসা থেকে একটি পিস্তল, দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ সময় তাঁর ঘরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গফরগাঁও থানা, গফরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি, গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির নাম, পদবিসহ সিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক চেক পাওয়া যায়। এ ঘটনায় গোলাম কিবরিয়া বাদী হয়ে অবৈধ অস্ত্র রাখা ও প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের করেন।ময়মনসিংহের গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, কাজলের নামে গফরগাঁও এবং পাগলা থানায় একটি অস্ত্র মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।