শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ১২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শুক্রবার কনফিডেন্স নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ১২ জন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার নয়নপুর (দক্ষিণ ধনুয়া) এলাকার কনফিডেন্স নিটওয়্যারের কারখানায় নিচতলার গুদামে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যে গুদামে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ফায়ারম্যান জহিরুল ইসলাম (৩৫) ছাড়াও কারখানার আয়রন সুপারভাইজার তপু মিয়া (৩০), শ্রমিক সোহরাব হোসেন (৩৪), বাদল মিয়া (৩০), বকুল মিয়া (২৬), আবুল কালাম (৩০) ও আমিনুল ইসলাম (২৮) রয়েছেন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. জিহাদ বলেন, পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বেশি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় একজন ফায়ারম্যানসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের নয়নপুর এলাকার হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।