শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, হুড়োহুড়িতে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বহেরারচালা গ্রামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে ১১টায় তাকওয়া লিবাস নামের এ কারখানার পঞ্চম তলায় আগুন লাগে।আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল ও আল-হেরা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তারা হলেন: আল আমীন, মনিরুজ্জামান, সাহাদাত হোসেন, মাজহারুল ইসলাম, রুবেল, মিলন, জাহাঙ্গীর আলম, সাগর ও কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপক মো. পারভেজসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। আহত শ্রমিকেরা সুইং, ফিনিশিং, স্যাম্পল ও কাটিং শাখার কর্মী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিকেরা জানান, পঞ্চম তলায় কাটিং শাখার ঝুটগুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় কিছু শ্রমিক আগুন নেভানোর কাজে যোগ দেন। অন্যরা হুড়োহুড়ি করে নামা শুরু করেন। আগুন নেভাতে ও হুড়োহুড়ি করে নামতে গিয়ে এসব শ্রমিক আহত হন। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে গাজীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, গুদামের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। বড় কোনো ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ তিনি জানাতে পারেননি। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সালমান জানান, শুধু গুদামের একটি অংশে আগুন লেগে কিছু ঝুট কাপড়ের ক্ষতি হয়েছে।