শ্রীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটী ছাপিলাপাড়া গ্রামের হেনস ফ্যাশন কারখানায় গতকাল সোমবার একটি যন্ত্রের এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাঁদের একজনকে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নিহত শ্রমিকেরা হলেন, জালাল উদ্দিন (২৮) ও সারোয়ার হোসেন (২০)। মারাত্মক আহত জাহান আলীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ছফুর উদ্দিন (৪৫), আনোয়ারা খাতুন (৩৫) ও রবিউল ইসলামকে (২০) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাজ করার সময় কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এর পরপরই কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে গিয়ে পাঁচজন শ্রমিকের মৃত্যুর কথা প্রচার করেন। বেলা দুইটার দিকে পুলিশ ও সাংবাদিকেরা কারখানার ভেতরে প্রবেশ করে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন। লাশ দুটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারখানায় উপস্থিত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।