শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিজ ঘর থেকে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। আজ রোববার উপজেলার গিলারচালা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত শ্রমিকের নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দোহাকোলা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার ডেনিমেক নামের এক পোশাক কারখানায় কাজ করতেন।
মৃত নুরুলের ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, নুরুল গিলারচালা গ্রামের কামরুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রী চম্পা আক্তারকে (২৫) নিয়ে কয়েক মাস ধরে বসবাস করছিলেন। গতকাল শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী চম্পা রাগ করে বাবার বাড়িতে চলে যান। নুরুলকে ফোনে না পেয়ে আজ তাঁর বাড়িতে ছুটে যান সাইফুল। সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। জানালা দিয়ে নুরুলকে ঘরের ধরনার সঙ্গে ঝুলে থাকতে দেখেন তিনি।
স্ত্রীর সঙ্গে অভিমান করেই ভাই আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন সাইফুল। তিনি জানান, গতকাল চম্পা বাবার বাড়ি চলে যাওয়ার পর রাত তিনটার দিকে নুরুল তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
পরিবার সূত্রে জানা যায়, বনিবনা না হওয়ায় এর আগে নুরুলের প্রথম স্ত্রীও তাঁকে ছেড়ে যান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে আজ দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।