শ্রীপুরে প্রতিপক্ষের জমির আখ কর্তন, অগ্নিসংযোগ, হামলায় দুই নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা জাম্বুরীটেক গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন পাঁচ কৃষকের ১১ বিঘা জমির আখ কেটে নিয়েছে। এ সময় হামলায় দুই নারী আহত হয়েছেন। গ্রামের কৃষক সিরাজ উদ্দিন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ওই ১১ বিঘা জমি তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু জনৈক আমিনুল ইসলাম ওই জমি কিনে নিয়েছেন দাবি করে ভাড়াটে লোকজন দিয়ে বেশ কয়েকবার দখলের অপচেষ্টা চালান। আমিনুলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এ নিয়ে দায়ের করা মামলা এখন আদালতে বিচারাধীন। এ ছাড়া বিরোধ মীমাংসায় আগামী শুক্রবার স্থানীয়ভাবে সালিস হওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই গতকাল দুপুরে আমিনুল ইসলামের শতাধিক ভাড়াটে সশস্ত্র লোকজন ট্রাকযোগে জমিতে পৌঁছে সেখানে আখখেতে অগ্নিসংযোগ করে ও জমির সব আখ কেটে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করা হলে তারা কৃষক সিরাজ উদ্দিনের ভাতিজা হেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলায় ফজিলা খাতুন (৭৫) ও রহিমা খাতুন (৫০) নামের দুই নারী আহত হন।গ্রামের আরেক কৃষক আবদুল মতিন অভিযোগ করেন, ওই জমির বিরোধ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তাই জমি নিজের দখলে রয়েছে—এ রকম পুলিশি তদন্ত প্রতিবেদন করাতে আমিনুল ইসলাম লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।এদিকে ঘটনার সময় শ্রীপুর থানার পুলিশ সেখানে থাকলেও তারা কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যায় বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ওই জমি নিয়ে এক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার সময় সেখানে পুলিশ থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ওই জমিতে আমিনুল ইসলাম পক্ষের বৈধতা রয়েছে।