শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার আহত আবুবক্কর সিদ্দিক (৪৫) বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের কালামের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছে। ওই জমিতে প্রতিপক্ষ কবির, বাছির, কালাম, কাশেম ও আবুল হাসেমসহ তাদের ১০-১২ জন সহযোগী গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চারা রোপণ করতে যায়। এ সময় আবুবক্কর সিদ্দিক বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে আবুবক্কর সিদ্দিক, কলেজছাত্র রুবেল (২৫), আল-আমিন (২৩) ও জহিরুল ইসলাম (১৬) আহত হন। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম ও আবুল কালামকে শ্রীপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেছেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, হামলার ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।