শ্রীপুরে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতঝুড়ি এলাকায় ডিগনিটি পোশাক কারখানা বিক্রি করে দিয়ে শ্রমিকদের বকেয়া বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ ওই কারখানা বিক্রি করে দিয়ে এক মাস আগে থেকে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। কর্তৃপক্ষ কৌশলে গত এক মাসে কারখানার প্রিন্টিং ও ডাইং শাখা বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ ওইসব শাখার শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে জোর করে স্বাক্ষর নিয়ে কারখানা ত্যাগ করতে বাধ্য করছে।কর্তৃপক্ষ অন্যান্য শাখার শ্রমিকদের একই কায়দায় ছাঁটাইয়ের প্রস্তুতি নিলে গতকাল শ্রমিকেরা প্রতিবাদ জানানোর পাশাপাশি উৎপাদন বন্ধ করে দেন। শ্রমিকেরা জানায়, ওই কারখানায় এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন এমন শ্রমিকের সংখ্যা পাঁচ শতাধিক। কারখানা বিক্রি করে দিলে এসব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী বকেয়া পরিশোধসহ তিন মাসের আগাম বেতন-ভাতা দেওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের এ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।কারখানার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, কারখানা বিক্রির খবর সত্য নয়। শ্রমিকদের নিয়মানুযায়ী ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাই করা শ্রমিকদের চাকরির বয়স ছয় মাসের কম। তাই তাঁদের গত মাসের বেতন দেওয়া হচ্ছে।