শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারি মাসের বেতন না দেওয়ায় গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকার ওয়ানটেক্স লিমিটেডের অ্যাপারেল জার্সি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কারখানার শ্রমিকেরা জানান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ ১২ বা ১৩ তারিখের দিকে বেতন পরিশোধ করে। কিন্তু ১০ ফেব্রুয়ারি বেতন না দিয়ে কারখানায় ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়। গতকাল রোববার জানুয়ারি মাসের বেতন পরিশোধের পর কারখানা খোলার প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এলে মালিকপক্ষের লোকজন জানান বেতন হবে। দুপুরের পর মালিকপক্ষের লোকজন কারখানা থেকে চলে যান। পরে নিরাপত্তার কাজে নিয়োজিত লোকজন ২৮ ফেব্রুয়ারি বেতন দেওয়া হবে বলে ঘোষণা দেন। এ ঘোষণায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার চত্বরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ হোসেন জানান, শ্রমিকেরা বিক্ষুব্ধ হলেও কোনো ভাঙচুর করেনি। কারখানায় সকাল থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ছিল।কারখানার নিরাপত্তা পরিদর্শক ইউনুস আলী ব্যবস্থাপনা পরিচালকের বরাত দিয়ে জানান, ব্যাংক থেকে জানানো হয়েছিল ২০ ফেব্রুয়ারি টাকা দেবে। সে অনুযায়ী শ্রমিকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় বেতন দেওয়া যাচ্ছে না। মালিক জানিয়েছেন ২৮ ফেব্রুয়ারি সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা হবে।