শ্রীপুরে বখাটের আঘাতে শিক্ষকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বখাটের আঘাতে আকরাম হোসেন (৪৩) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম উপজেলার আক্তাপাড়া এএসএম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর ধরে ওই গ্রামের আকরাম হোসেনের মেয়েকে একই গ্রামের কামরুল ইসলাম উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি ওই শিক্ষক কামরুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। গত শনিবার রাতে কামরুল ইসলামকে গ্রেপ্তারে সহযোগিতা করতে পুলিশের সঙ্গে আকরাম কামরুলের বাড়িতে যান। তিনি কামরুলের বাড়িতে পুলিশ পাঠিয়ে বাইরে অপেক্ষা করেন। এ সময় কামরুল শিক্ষক আকরাম হোসেনকে পেছন থেকে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ বাড়িতে আসামি না পেয়ে বাইরে এসে নিজ মোটরসাইকেলের নিচে আকরামকে জ্ঞান হারানো অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর শুনে আকরামের স্বজনেরা ঘটনাস্থলে এসে পুলিশকে তাদের ভ্যানে করে তাঁকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু পুলিশ তাঁদের অনুরোধ রাখেনি। পরে স্বজনেরা ওই রাতেই তাঁকে টঙ্গীর তারগাছ এলাকায় অবস্থিত তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান। গতকাল বেলা ১১টার দিকে লাশ গোসলের সময় পরিবারের লোকজন নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব বলেন, তাঁদের গাড়িতে অস্ত্র থাকায় তিনি ওই গাড়িতে করে আহত শিক্ষককে হাসপাতালে নিতে পারেননি। বাইরে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনাটি তাঁরা দেখতে পাননি।