শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনবিভাগের গাজীপুর জেলার শ্রীপুর রেঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পার্ক প্রতিষ্ঠার প্রস্তাবটি অনুমোদন করা হয়। রাথুরা বন বিটের তিন হাজার ৮১০ একর জায়গাজুড়ে সাফারি পার্ক প্রতিষ্ঠার জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিমালিকানার ৮০৩ একর জমি থেকে ২০০ একর জমি প্রাধিকার ভিত্তিতে অধিগ্রহণ করা হবে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিনেও বন আইনের যথাযথ বাস্তবায়ন না হওয়ায় গাজীপুরের শালবন ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে। এ ছাড়া অবৈধ স্থাপনা নির্মাণ ও বনের মধ্য দিয়ে শিল্পবর্জ্য নিঃসরণের জন্য উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বন মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভূমিদস্যুদের দখলমুক্ত করতে এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, এই সাফারি পার্ক বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। এ ছাড়া বিপদাপন্ন বন্যপ্রাণীর কৃত্রিম আবাসস্থল সৃষ্টি করে তাদের বংশবৃদ্ধির ব্যবস্থা করা হবে। ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশও করা হবে। প্রকল্পে আন্তর্জাতিক বহুমুখী পরিবেশ চুক্তি অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণের কথাও বলা হয়েছে। সাফারি পার্কে বাঘ, চিতাবাঘ, মায়া হরিণ, চিত্রা হরিণ, সজারু, শিয়াল, খরগোশ, গন্ডার, নীল গাই, বন মহিষ, প্যারা হরিণ, সিংহ, ভালুক, কুমির, ঘড়িয়ালসহ এ অঞ্চলের বিলুপ্ত স্তন্যপ্রায়ী প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সৃষ্টির প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল থেকে বিলুপ্ত ও প্রায়বিলুপ্ত প্রাণীর সংরক্ষণ ও বংশবিস্তারের উদ্যোগ নেওয়া হবে। পার্কে বন্যপ্রাণীর চিকিৎসার জন্য পশু হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র, প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র, শিক্ষা ও তথ্য কেন্দ্র এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘরও স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।বন বিশেষজ্ঞরা মনে করেন, যে দ্রুত হারে ভাওয়ালের শালবন শেষ হয়ে যাচ্ছে তাতে সাফারি পার্কের মাধ্যমে আরও বেশি জমি অধিগ্রহণ করা উচিত। কক্সবাজারের ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারি পার্কের মতো বিদেশি বন্যপ্রাণী না রেখে এ দেশেরই বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় প্রাণী দিয়েই প্রস্তাবিত পার্ক সাজানো প্রয়োজন। সাফারি পার্ক পরিচালনার জন্য বন অধিদপ্তরের যথেষ্ট প্রশিক্ষিত লোকবল নেই। অধিকাংশ ক্ষেত্রেই গৃহপালিত পশুচিকিৎসক দিয়ে বন্যপ্রাণীর চিকিৎসা করানো হয়। সাফারি পার্কে নিয়োগকৃত ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং বন্যপ্রাণী বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগও সাফারি পার্ক কার্যক্রমে রাখা উচিত বলে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে মত দিয়েছেন। গাজীপুর এলাকার শালবনের দুর্দশা নিয়ে মঙ্গলবার প্রথম আলোতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।