শ্রীপুরে বন বিভাগের জমি দখলকারীদের নামে মামলা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরে বন বিভাগের জমি দখলকারীদের নামে কোনো মামলা হয় না। জমি দখলে জড়িত ব্যক্তিরা আসামি না হওয়ায় নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এ কথা বলেন।উপজেলা পরিষদ সভাকক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারীরা বলেন, উপজেলায় জমি দখলের ঘটনা বাড়ছে। শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল জানান, সঙ্ঘবদ্ধ দল জমি দখল করে চলেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল খায়ের বলেন, অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচলের কারণে শ্রীপুরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনা। ট্রাক চলাচল ও বালু উত্তোলনের বৈধতা পরীক্ষা করা হলে অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচলের সংখ্যা কমে যাবে। ইউএনও দেবাশীষ নাগ জানান, বন বিভাগের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে স্থানীয় প্রশাসনের পরামর্শ নিলে নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। সভায় ইভ টিজিংয়ের ওপরও আলোচনা হয়। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা উন্নয়ন কমিটির সভা ও বিজয় দিবস উদ্যাপনের জন্য কমিটি গঠন করা হয়।