শ্রীপুরে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় বিএনপির দুই নেতার বাড়িতে গতকাল মঙ্গলবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই দুই নেতার দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ওই হামলা চালিয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই শ্রীপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী মনজু শেখ ও রবিউল ইসলামের নেতৃত্বে একদল মানুষ দুপুর ১২টার দিকে হঠাৎ করে তাঁর বাড়িতে হামলা চালায়। ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। হামলাকারীরা তাঁর বাড়ির দুটি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
জাহাঙ্গীর হোসেনের বাড়ির পাশেই উপজেলা বিএনপির এক পক্ষের সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলামের বাড়ি। রেজাউল বলেন, জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর শেষে হামলাকারীরা তাঁর বাড়িতে আসে। তারা ঘরের দরজা-জানালা কোপায় এবং গ্লাস ভাঙচুর করে।
এ বিষয়ে আওয়ামী লীগের কর্মী মনজু শেখ বলেন, ‘জাহাঙ্গীর হোসেন ও রেজাউল ইসলামের লোকজন বেশ কিছুদিন ধরে আমার লোকজনের সঙ্গে ঝামেলা বাধানোর চেষ্টা করছিল। বিরোধপূর্ণ একটি জমি নিয়ে সকালে তারা আমার লোকজনের ওপর চড়াও হয়। ক্ষুব্ধ হয়ে আমার লোকজন তাদের বাড়ি ঘেরাও করার চেষ্টা করে। তবে আমি তাদের বাধা দেওয়ায় কোনো ঝামেলা হয়নি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম গতকাল বিকেলে বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হয়নি।