শ্রীপুরে বিধি ভঙ্গের অভিযোগে পাঁচজনকে আটক, পরে মুক্তি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর পাঁচজন কর্মীকে গতকাল সোমবার আটক করে পুলিশ। টাকা ছিনতাই ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত নিজ নিজ প্রার্থীর জিম্মায় তাঁদের ছেড়ে দেন।আটক ব্যক্তিদের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, এক প্রার্থীর দুই ভাই গতকাল সকালে মাওনা চৌরাস্তার অগ্রণী ব্যাংক থেকে চার লাখ ৮০ হাজার টাকা তোলেন। ওই টাকা নিয়ে নির্বাচনী এলাকায় ফেরার পথে অপর প্রার্থীর তিন কর্মী ওই ইউনিয়নের সি-গাল উদ্যানের কাছে তাঁদের পথ আগলে দাঁড়ান। একপর্যায়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে টাকা বিতরণের চেষ্টার অভিযোগে তাঁরা ওই টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকেই আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাসরিন আক্তার সাংবাদিকদের জানান, ঘটনাটি অধিকতর তদন্তের জন্য শ্রীপুর মডেল থানার এএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে।