শ্রীপুরে বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর, আহত ৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় আমান টেক্সটাইল কারখানার শ্রমিকেরা নিয়মিত বেতন-ভাতা ও অতিরিক্ত কাজের টাকা পরিশোধের দাবিতে এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বদলানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এ সময় শ্রমিকদের হামলায় করাখানার পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। গুরুতর আহত প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান (২৮) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।শ্রমিক মনির হোসেন, তোফায়েল আহমেদ ও আকলিমা জানান, তাঁদের মাসিক বেতন পরের মাসের শেষের দিকে দেওয়া হচ্ছে। ফলে তাঁদের সংসার সামলাতে হিমশিম খেতে হয়। মুদি দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে কেউ কেউ চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরের পর তাঁরা উত্পাদন বন্ধ রাখেন। বিকেল চারটায় শ্রমিকেরা কারখানায় হামলা চালালে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পাঁচজন আহত হন। বিকেল পাঁচটার দিকে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা চলে যান।কারখানার মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জিএম কেন অফিসে আসেননি, তা তাঁরা জানেন না।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া গতকাল রাতে জানান, বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। পুনরায় হামলার আশঙ্কায় কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।