শ্রীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে রঙ্গিলা বাজার এলাকায় প্যারাডাইজ স্পিনিং কারখানার শ্রমিকেরা দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। গতকাল বুধবার বেলা পৌনে দুইটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। কারখানার শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ অক্টোবর মাসের পূর্ণ বেতন না দিয়ে ১৫ দিনের বেতন দিয়ে ছুটি ঘোষণা করেছে—এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উৎপাদন বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে নেমে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করলে মহাসড়কের দুই দিকে কমপক্ষে দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজটে আটকে পড়া মানুষের দুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।শ্রমিকেরা জানান, পুলিশের মাধ্যমে তাঁরা আজ বৃহস্পতিবার অক্টোবর মাসের পুরো বেতন পাবেন বলে প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন।