শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা আহত ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিবাড়ী এলাকায় প্রতিবেশীরা গত বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়ে আহত হন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, টেপিবাড়ী এলাকার চা-বিক্রেতা ফজলুর রহমানের ছেলে বিল্লাল হোসেনের (২৭) সঙ্গে প্রতিবেশী এক ব্যবসায়ীর মেয়ের (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই তরুণী বিল্লালের কর্মস্থল গাজীপুরের টঙ্গীতে চলে যান। এতে বিল্লালের পরিবারের ওপর ক্ষুব্ধ হয় তরুণীর পরিবার। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তরুণীর পরিবারের আত্মীয়স্বজন ফজলুরের বাড়িতে হামলা চালায়। তারা ফজলুর, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে ঘরের আসবাব ভাঙচুর করে এবং ২০ হাজার টাকা লুট করে। গতকাল শুক্রবার ভোরে প্রতিবেশীরা ফজলুরের বাড়িতে গিয়ে মামলা না করার হুমকি দেয়। অন্য প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ফজলুরের বাড়িতে গেলেও হামলাকারীরা তখন ছিল না।
শ্রীপুর থানার এসআই আপন কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্তদের আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।