শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আহত ৩
গাজীপুরের শ্রীপুরে এক কৃষকের বাড়িতে ডাকাতির চেষ্টা এবং এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আকতাপাড়া ও সিংগারদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।আকতাপাড়া গ্রামের কৃষক চান মিয়া জানান, শুক্রবার রাত দুইটার দিকে ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতেরা পালিয়ে যায়। এদিকে সিংগারদীঘি গ্রামের ব্যবসায়ী আবদুছ ছালাম বলেন, রাত তিনটার দিকে একদল ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।সূত্র জানায়, এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। তাঁরা হলেন: গৃহকর্তা আবদুছ ছালাম (৪২), প্রতিবেশী আবদুল মান্নান (৪০) ও ছালামের ছোট ভাই ইকবাল হোসেন (৩০)। ইকবালকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ব্যবসায়ী আবদুছ ছালামের দাবি, ডাকাতেরা ১৩ ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন সেটসহ আট লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সাংবাদিকদের বলেন, উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।