মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা থেকে গত শুক্রবার দিবাগত রাতে প্রায় ৫২ হাজার টাকা চুরি হয়েছে।
এ সময় বাজারের নৈশপ্রহরী তিন কিশোরকে আটক করেছেন। আটক হওয়া কিশোরেরা হচ্ছে, মো. তন্ময় (১৩), রাকিব হোসেন (১৩) ও শাহাদৎ হোসেন (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাকোল বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটি একটি টিনের ভাড়া বাসায় পরিচালিত হয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নৈশপ্রহরী ইলিয়াস হোসেন ব্যাংকের চাল কাটা দেখতে পান। পরে অন্য নৈশপ্রহরীদের সহায়তায় তিনি ব্যাংকের ভেতর থেকে রাকিব হোসেন নামে এক কিশোরকে আটক করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত তন্ময় ও শাহাদৎ হোসেনকে পরে আটক করা হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মশিয়ার রহমান বলেন, ‘তিন কিশোর দোষ স্বীকার করেছে। স্থানীয় চেয়ারম্যান চুরি যাওয়া টাকা ফেরত দেবেন বলে দায়িত্ব নেওয়ায় এবং মামলা না করতে অনুরোধ করায় আমরা মামলা করিনি।’