শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া দক্ষিণ খণ্ড গ্রামে ক্রিস্টাল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার কর্মবিরতি পালন করেছেন।
কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শ্রমিকদের মজুরি হঠাৎ করে মালিক পক্ষ কমিয়ে ফেলে। তাই মজুরি বৃদ্ধি ও নানা ধরনের বৈধ সুযোগ-সুবিধাসহ ১৪ দফা দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেন নিটিং, সুইংসহ বিভিন্ন বিভাগের শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক প্রতিষ্ঠানের অফিস কক্ষে হামলা চালান। এতে সহকারী উৎপাদন কর্মকর্তা কবির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, ইকবাল হোসেন ও পরিকল্পনা বিভাগের টুকন আহত হন। পরে বৈঠকে মালিক পক্ষ দুই দিনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করেন।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক পারভেজ বলেন, মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দুদিনের মধ্যে এ বিষয়ে সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা শান্ত হন।
শ্রীপুর থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠানের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রীপুর থানা ও শিল্প পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকেরা রাস্তায় নামতে পারেননি।