শ্রীপুরে মাটিচাপায় নিহত এক শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে গতকাল মঙ্গলবার একটি পোলট্রি কমপ্লেক্সের ভেতরে গর্ত খোঁড়ার সময় গর্তের পাড় ভেঙে মাটিচাপা পড়া মনসুর আলী (৩০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাটিচাপা পড়া এক শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন।নিহত মনসুর আলীর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দাইরগাঁও গ্রামে। নিখোঁজ তাহের আলী (৪৫) ও আহত আবদুল জলিল, আবুল কাশেম, জালাল উদ্দিন, আহাম্মদ আলী ও আবদুল হামিদের বাড়িও একই গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়া পোলট্রি কমপ্লেক্সের ভেতরে তরল বর্জ্যভর্তি একটি গর্তের পাশে আরেকটি গর্ত খুঁড়ছিলেন নয়জন দিনমজুর। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বর্জ্যভর্তি গর্ত ও নতুন তৈরি করা গর্তের মাঝের পাড় ভেঙে দিনমজুরদের ওপর পড়ে। এতে সাত দিনমজুর মাটিচাপা পড়েন। তাঁদের মধ্যে পাঁচজনকে এলাকাবাসী জীবিত উদ্ধার করে। অপর দুজন মাটির গভীরে চাপা পড়েন। পরে মাটি খুঁড়ে মনসুর আলীর লাশ উদ্ধার করা হয়।