শ্রীপুরে মাদ্রাসাছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মাদ্রাসাছাত্র এনামুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও গোসিঙ্গা ইউনিয়নে মাদকদ্রব্য সরবরাহ বন্ধের দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী মানববন্ধন করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোসিঙ্গা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়নের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।মানববন্ধন শেষে গোসিঙ্গা বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন: মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ফকির প্রমুখ।প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর একদল মাদকসেবী ট্রলারে গাঁজা সেবন করার সময় এনামুল ও ট্রলারের মাঝি তাদের বাধা দেন। এর জের ধরে এনামুল ও মাঝিকে নদীতে ফেলে দেওয়া হয়। ১ অক্টোবর রাতে গোসিঙ্গা বাজারের কাছে খোঁজেখানী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয়। এনামুল গোসিঙ্গা সিনিয়র আলিম মাদ্রাসা থেকে গত বছর আলিম পাস করেন। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় হত্যা মামলা করা হয়। এ সময়ের মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।