গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় ব্যাগ উৎপাদনকারী কারখানা বাংলাদেশ মাস্টারপ্যাক লিমিটেডে চলতি মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পৌনে দুই ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাঁদের গত শুক্রবার চলতি মাসের বেতন দেওয়ার ঘোষণা দিয়ে তা রক্ষা করেনি। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় কারখানায় গিয়ে কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে সে রকম কোনো প্রতিশ্রুতি না পেয়ে তাঁরা পৌনে আটটার দিকে সড়ক অবরোধ করেন। তাঁরা মাস্টারপ্যাক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান পাশের পলি প্রপাইলিনের মিরাকেল কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। শ্রমিকেরা যোগ দিতে চাইলে ওই কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বাধা দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরাকেল কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা দাবি করেন, প্রতি মাসের বেতন ৭ তারিখে দেওয়ার কথা থাকলেও মাস্টারপ্যাক লিমিটেড কর্তৃপক্ষ তা পরিশোধ করতে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত সময় অতিবাহিত করে।প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের পর ১৫ মিনিটের মধ্যে কারখানার সামনে থেকে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কের কোনো গাড়িতে শ্রমিকেরা হামলা করেননি। এ ব্যাপারে মিরাকেল কারখানার জ্যেষ্ঠ হিসাব কর্মকর্তা আবুল বাসার বলেন, ওই কারখানার শ্রমিকেরা মিরাকেলের শ্রমিকদের তাঁদের আন্দোলনের সঙ্গে অংশ নিতে বাধ্য করতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেন।মাস্টারপ্যাক কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপক মো. সামসুজ্জোহা বলেন, কারখানার প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখ পরিশোধ করা হয়। সে হিসাবে চলতি মাসের বেতন আগামী সেপ্টেম্বর মাসে পরিশোধের কথা। মাস্টারপ্যাক কারখানার আরও তিনটি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলোতেও একই নিয়মে বেতন পরিশোধ করা হয়েছে। কিন্তু মাস্টারপ্যাকের শ্রমিকেরা আন্দোলন করায় তাঁদের দাবি অনুযায়ী কাল সোমবার আগস্ট মাসের প্রতিদিনের আট ঘণ্টার বেতন অথবা ওভারটাইমের চার ঘণ্টার ৭০ ভাগ বেতন পরিশোধের প্রতিশ্রুতিতে ঘটনার সমাধান করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় বেড়াইদেরচালা এলাকার নজরুল ইসলামসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ মাস্টারপ্যাক লিমিটেডের ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করিয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।