শ্রীপুরে মূসক কর্মকর্তাসহ ১২ জন ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত
শ্রীপুরে ব্যবসায়ীদের নিয়মিত মূসক প্রদানে উদ্বুদ্ধ করতে গিয়ে অসদাচরণের দায়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট গাজীপুর সার্কেল-১-এর আট কর্মকর্তাসহ ১২ জন ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজায় এ ঘটনা ঘটে। মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জানান, দুপুরে ভ্যাট কর্মকর্তারা এসে মার্কেটের দোকানগুলোতে জোর করে ঢুকে নিজেরাই হিসাবের খাতা ও ক্যাশ মেমো নিয়ে যাচ্ছিলেন। এ নিয়েই মার্কেটের দোকান-কর্মচারীদের সঙ্গে বচসার সূত্রপাত। মার্কেটের এক দোকান-কর্মচারী রুবেল মিয়া জানান, কর্মকর্তারা এসে তাঁর ক্যাশখাতা দেখতে চান। কিন্তু মালিকের অনুমতি ছাড়া খাতা দিতে অপারগতা প্রকাশ করায় কর্মকর্তারা জোর করে ক্যাশবাক্স খুলে খাতা ও ক্যাশ মেমো নিয়ে নেন। ব্যবসায়ী আবদুল মতিন জানান, কর্মকর্তারা তাঁদের পরিচয় না দিয়েই জোর করে ক্যাশ মেমো, হিসাবের খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কর্মকর্তাদের বাধা দিলে দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। পর পর ৮-১০টি দোকানে ভ্যাট কর্মকর্তারা একই ধরনের অসদাচরণ করেন। এ সময় ব্যবসায়ীরা এক জোট হয়ে মার্কেটের প্রধান গেট বন্ধ করে দিয়ে কর্মকর্তাদের ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে আট কর্মকর্তা ও তাঁদের চার সহকর্মীকে লাঞ্ছিত করেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট গাজীপুর সার্কেল-১-এর সহকারী রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী ও মো. আকবর হোসেন জানান, আঞ্চলিক কর কর্মকর্তা মো. মহিউদ্দিনের নেতৃত্বে কমপক্ষে ১৫ জনের একটি দল মূসক আদায়ে সচেতনতা সৃষ্টি ও বকেয়া মূসক প্রদানে ব্যবসায়ীদের তাগিদ দিতে ওই মার্কেটে যান। অভিযানের আগে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছিল। তার পরও মূসক প্রদান-সংক্রান্ত তথ্যাদি চাইলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাঁদের অবরুদ্ধ করেন। রাজস্ব কর্মকর্তার জোর করে ক্যাশ বাক্সে হাত দিয়ে সেখান থেকে মেমো ও হিসাবের খাতা বের করে নেওয়ার অভিযোগ তাঁরা অস্বীকার করেন। শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা কর্মকর্তাদের উদ্ধার করেন। আগামী শনিবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে। তবে কর্মকর্তারা এ অভিযানের ব্যাপারে আগে থেকে পুলিশকে কিছু জানাননি বলে তিনি জানান।