গাজীপুরের শ্রীপুর পৌরসভায় গতকাল রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে এলাকায় স্থাপিত সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মেয়র পদে বর্তমান মেয়র আনিছুর রহমান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজছাত্র সংসদের সাবেক ভিপি মো. আহসান উল্লাহ, আওয়ামী লীগের কর্মী এ কে এম সাখাওয়াত হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ও ইসলামী আন্দোলনের ফরহাদ আহম্মেদ মমতাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচন কমিশনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগের কেউ দলীয় মনোনয়নপত্র জমা দেননি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর শ্রীপুর পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় স্থাপিত বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার নির্দেশনা থাকলেও শ্রীপুরে তা মানা হচ্ছে না।
গতকাল বিকেলে সরেজমিন দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার ও ভোট চেয়ে স্লোগান লেখা বিলবোর্ড, পোস্টার ও ব্যানার ঝুলছে।
শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, কিছু কিছু পোস্টার-ব্যানার সম্ভাব্য প্রার্থীরা নিজ উদ্যোগে সরিয়ে ফেলেছেন। এ ব্যাপারে সতর্কীকরণ মাইকিং করা হবে। তারপরও না সরালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।