শ্রীপুরে রাস্তা কেটে নালা নির্মাণ করায় বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার বিরুদ্ধে কার্পেটিং করা সরকারি রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার কেওয়া দক্ষিণ খণ্ড এলাকায় ফখরুদ্দিন সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, শ্রীপুরের কেওয়া দক্ষিণ খণ্ড এলাকায় চার মাস ধরে জেলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিসা গলানো, সালফার অক্সাইড তৈরি ও অন্যান্য রাসায়নিক পদার্থ উৎপাদন করে আসছে। এসব জলীয় পদার্থের বর্জ্য নিষ্কাশনের জন্য কোনো ধরনের অনুমতি ছাড়াই রাস্তা কাটার উদ্যোগ নেয় কারখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফখরুদ্দীন রোডের মোড় থেকে রাস্তা কেটে পাইপের মাধ্যমে নালা নির্মাণের কাজ শুরু করে। নালা নির্মাণ করতে কমপক্ষে ১০০ আধাপাকা বসতঘর ভাঙতে হবে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তা কাটায় বাধা দেন এলাকাবাসী।
কারখানার আইটি কর্মকর্তা ওইলিও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মাধ্যমে জায়গাটি জমির মালিকের কাছ থেকে ভাড়া নিয়েছেন তাঁরা। আর নালা নির্মাণের জন্য শ্রীপুর পৌরসভা থেকে অনুমতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্পেটিং করা রাস্তা কাটার কারণে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে খননযন্ত্রের চালকসহ চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিরা গর্ত ভরাট করা ও রাস্তা না কাটার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান।