শ্রীপুরে লেগুনার চাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় লেগুনার চাপায় বিল্লাল হোসেন মোল্লা নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় লেগুনার চালকসহ আরও দুই শ্রমিক আহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মোল্লা (২০) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাউগান গ্রামের সোলেমান মোল্লার ছেলে। তিনি স্থানীয় নয়নপুর এলাকার অটো স্পিনিং মিলের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে সাতটার দিকে কাজ শেষে বিল্লাল কারখানা থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। তিনি নয়নপুর এলাকায় পৌঁছালে মাওনা চৌরাস্তা থেকে উপজেলার জৈনা বাজারগামী যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লালকে চাপা দেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত বিল্লালসহ আহত অন্যদের উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যান। আহত অন্যদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।