শ্রীপুরে শিক্ষকের ওপর হামলার বিচার দাবি
পরে তাঁরা সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন। সমাবেশে যোগ দিয়ে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, পৌর মেয়র আনিসুর রহমান ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য ভিপি আহসান উল্লাহ।স্মারকলিপি দেওয়ার পর ইউএনওর কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ফাইজুদ্দীনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল হালিম। উপস্থিত ছিলেন শাহজাহান, মোশারফ হোসেন প্রমুখ।আবদুল হালিম জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে শ্রীপুরের উদয়খালী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ছিদ্দিকুর রহমান তেলিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য পদে তাঁর নাম লিপিবদ্ধ না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেন। শিক্ষকেরা ছিদ্দিকুর রহমানের বাবা আক্তারুজ্জামানের নাম দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান। কিন্তু তাঁর নাম না থাকায় ছিদ্দিকুর রহমান একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল কবীরের ওপর চড়াও হন। পরে দা দিয়ে কুপিয়ে ওই শিক্ষককে রক্তাক্ত করেন। এ সময় শিক্ষার্থীরা ছুটাছুটি করে চলে যায়। এলাকাবাসী আহতাবস্থায় শিক্ষক হামিদুল কবীরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে ঘটনার দিন রাতে শ্রীপুর থানায় অভিযোগ করার পরও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি।ইউএনও দেবাশীষ নাগ শিক্ষকদের স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে জানান, কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর থানা পুলিশকে বলা হবে।