শ্রীপুরে শিশুর বিয়ে নিবন্ধন করায় কাজিকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব এলাকায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশুর (১০) বিয়ে নিবন্ধন করায় এক কাজিকে গতকাল মঙ্গলবার ১৫ দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী হাকিম ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া নিকাহ নিবন্ধক সলিম উল্লাহকে (৪০) ওই সাজা দেন।

একই সঙ্গে শ্রীপুর পৌরসভা থেকে ওই শিশুর জাল জন্মসনদ সরবরাহ করায় টিকাদান কর্মসূচির পরিদর্শক আবদুল মোমেনকে সতর্ক করেন আদালত। এর আগে গত ২০ নভেম্বর আদালত শিশুর স্বামী সোহেল মিয়াকে (৪০) এক হাজার টাকা জরিমানা করেছিলেন।

শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার সলিম উল্লাহ শ্রীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নিকাহ নিবন্ধক।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানায়, প্রতিবেশীদের চাপ ও প্ররোচনায় শিশুটির মা-বাবা গত ২০ সেপ্টেম্বর সোহেল মিয়ার সঙ্গে বিয়ে দেন। শিশুটির বিদ্যালয়ের শিক্ষকদের বাধা অগ্রাহ্য করে গোপনে বিয়ে নিবন্ধন করেন সলিম উল্লাহ।